ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. নিরাপদ সড়ক

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ সকাল

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বাড়তি দামের চাপ আরও বেড়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ১৫ ধরনের নিত্যপণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এসব পণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। ফলে দুই মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে মোট ৭ দশমিক ৫২ শতাংশ। অক্টোবর মাসে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছুটা কমেছে শাকসবজির দাম।

রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভোক্তা সংগঠন কনজুমারস ফোরাম (সিএফ)। সংগঠনটির সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির দাম ৪ দশমিক ৯৩ শতাংশ এবং ভোজ্যতেল ও ডালডার দাম ৪ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া অক্টোবর মাসে চালের দাম গড়ে ২ দশমিক ৬২ শতাংশ, আটা-ময়দার দাম ৩ দশমিক ২৫ শতাংশ, ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের দাম শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলম।

তবে অক্টোবর মাসে দুই ধরনের পণ্যের দাম কমেছে। এর মধ্যে শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

সিএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, যশোর, বগুড়া ও রংপুর অঞ্চলে শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করেছে। এতে উৎপাদন পর্যায়ে সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এমনকি উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকেরা।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বগুড়া ও রংপুর অঞ্চলে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মুলা ৬ থেকে ৮ টাকা, প্রতিটি লাউ ৮ থেকে ১০ টাকা এবং কলার হালি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। অথচ একই পণ্য ঢাকার বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীতে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা এবং কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। সিএফের মতে, শুধু বেতন-ভাতা বাড়িয়ে মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ও মধ্য ও নিম্নমধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে হবে।

পাশাপাশি অতিমুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্ব দিয়েছে তারা।

সিএফ আশা প্রকাশ করেছে, সরকার গ্রাম পর্যায়ে উৎপাদিত কৃষিপণ্যের উৎপাদনমূল্য ও ভোক্তা পর্যায়ের দাম সহনীয় রাখতে কার্যকর বাজার তদারকির ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে বাজার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মীনা বাজার ও স্বপ্ন সুপার শপ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করেছে কনজুমারস ফোরাম।

Facebook Comments Box

আরও পড়ুন

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি