ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
৫ নভেম্বর ২০২৬, ১:৩৯ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হচ্ছে যুক্তরাজ্য ও উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগরের সমুদ্রাঞ্চল। এর ফলে সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ২০৫০ সালের মধ্যে মাছ ও সমুদ্রতলের অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতিগত বৈচিত্র্য বাড়লেও খাদ্যশৃঙ্খলের ভিত্তি হিসেবে পরিচিত ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের বৈচিত্র্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ভারসাম্য হারাতে পারে, দুর্বল হতে পারে সমুদ্রের বাস্তুতন্ত্র এবং ঝুঁকিতে পড়তে পারে খাদ্যনিরাপত্তা।

সম্প্রতি প্রকাশিত চার বছরব্যাপী এক গবেষণায় এসব আশঙ্কার কথা উঠে এসেছে। যুক্তরাজ্যের সেন্টার ফর এনভায়রনমেন্ট, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার সায়েন্সের (সেফাস) নেতৃত্বে পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।

গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ২১০০ সালের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পরিস্থিতি বিবেচনায় নিলে ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্য ও উত্তর-পূর্ব আটলান্টিক অঞ্চলে মাছ এবং সমুদ্রতলের অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতিগত বৈচিত্র্য প্রায় ১২ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে ফাইটোপ্ল্যাঙ্কটনের বৈচিত্র্য প্রায় ৩ শতাংশ এবং জুপ্ল্যাঙ্কটনের বৈচিত্র্য প্রায় ৭ শতাংশ কমতে পারে।

গবেষকদের মতে, সমুদ্রের খাদ্যশৃঙ্খলে প্ল্যাঙ্কটন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো ক্ষুদ্র উদ্ভিদসদৃশ জীব, আর জুপ্ল্যাঙ্কটন হলো ক্ষুদ্র প্রাণীসদৃশ জীব। সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের নিচের স্তরে থাকা এসব জীবের ওপর নির্ভর করে অনেক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাদ্যপ্রাপ্তি।

ফলে খাদ্যশৃঙ্খলের ওপরের স্তরে মাছের প্রজাতি বাড়লেও নিচের স্তরে প্ল্যাঙ্কটনের বৈচিত্র্য কমে গেলে শিকারি ও শিকারের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা ও পরিবেশগত সহনশীলতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষণার সহপ্রধান লেখক ও সেফাসের সামুদ্রিক পরিবেশবিদ এলেনা কাউসে বলেন, উষ্ণতা বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্য সব ক্ষেত্রে একইভাবে বাড়ে বা কমে-এমনটি নয়। খাদ্যশৃঙ্খলের ওপরের স্তরের কিছু প্রাণীর প্রজাতি বাড়লেও বাস্তুতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করা গুরুত্বপূর্ণ প্ল্যাঙ্কটন গোষ্ঠীর প্রজাতি কমে যেতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, ব্রিটিশ দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্র, বিশেষ করে উত্তর সাগরের দক্ষিণাঞ্চল বিশ্বের দ্রুত উষ্ণ হয়ে ওঠা ২০টি সামুদ্রিক জলবায়ু হটস্পটের মধ্যে রয়েছে। গত ৫০ বছরে এসব অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উষ্ণ সমুদ্রের কারণে কিছু মাছের প্রজাতি লাভবান হলেও কিছু প্রজাতি প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারে। গবেষকদের মতে, অ্যাঙ্কোভি, সি-বাস ও সার্ডিনের মতো উষ্ণ পানির মাছের বিস্তার বাড়তে পারে। অন্যদিকে আটলান্টিক কড, হ্যাডক ও কোলির মতো তুলনামূলক ঠান্ডা পানির মাছের জন্য পরিস্থিতি কম অনুকূল হয়ে উঠতে পারে।

গবেষকরা দীর্ঘমেয়াদি বিভিন্ন তথ্য-উপাত্ত এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ২১০০ সাল পর্যন্ত সামুদ্রিক জীববৈচিত্র্যের সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছেন। কোন অঞ্চলে জীববৈচিত্র্য দ্রুত বদলাচ্ছে এবং কোন অংশ বেশি ঝুঁকিতে রয়েছে, তা শনাক্ত করাও ছিল গবেষণার অন্যতম উদ্দেশ্য।

গবেষকদের মতে, এই গবেষণার ফলাফল সামুদ্রিক বাস্তুতন্ত্রের পরিবর্তন শনাক্ত করার আগাম সতর্কসংকেত হিসেবে কাজ করতে পারে। ইতিমধ্যে গবেষণার ফল যুক্তরাজ্য সরকারের সামুদ্রিক সংরক্ষিত এলাকা পর্যালোচনা এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রমে জমা দেওয়া হয়েছে।

গবেষকদের সতর্কবার্তা, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। কারণ কোনো একটি প্রাণীগোষ্ঠীর প্রজাতি বাড়লেই পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভালো হচ্ছে, এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম