ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
৫ নভেম্বর ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

দুধ, পনির ও দইয়ের পরিবর্তে সয়া, বাদাম ও ওটস থেকে তৈরি উদ্ভিজ্জ খাবার গ্রহণের প্রবণতা বাড়ছে। তবে এসব খাবার দুগ্ধজাত পণ্যের সম্পূর্ণ বিকল্প নাও হতে পারে। প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান যুক্ত না থাকলে উদ্ভিজ্জ বিকল্প গ্রহণের কারণে শরীরে আয়োডিন, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন ও ভিটামিন বি১২-এর ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে কিশোর-কিশোরী ও প্রজননক্ষম বয়সী নারীরা এ ঝুঁকিতে বেশি থাকতে পারেন।

সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষণায় এ সতর্কতা তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, দুগ্ধজাত খাবারের পরিবর্তে আংশিকভাবে উদ্ভিজ্জ বিকল্প গ্রহণ করলেও গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানের গ্রহণ কমে যেতে পারে। তবে এর ঝুঁকি নির্ভর করে বিকল্প খাবারগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত আছে কি না, তার ওপর।

গবেষণায় যুক্তরাজ্যের বাজারে পাওয়া ১৪৬ ধরনের উদ্ভিজ্জ দুধ, ৭৬ ধরনের উদ্ভিজ্জ দই এবং ৬৭ ধরনের উদ্ভিজ্জ পনিরের পুষ্টিমান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, এসব পণ্যের ৬১ শতাংশে ক্যালসিয়াম এবং ৪৬ শতাংশে ভিটামিন বি১২ যুক্ত করা হয়েছে। কিন্তু মাত্র ১৯ শতাংশে রিবোফ্লাভিন এবং ১২ শতাংশে আয়োডিন যোগ করা হয়েছে। অর্থাৎ, বাজারের অধিকাংশ উদ্ভিজ্জ বিকল্পে আয়োডিন ও রিবোফ্লাভিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যুক্ত নেই।

গবেষকদের মডেলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, দৈনিক দুগ্ধজাত খাবারের এক-তৃতীয়াংশ উদ্ভিজ্জ বিকল্প দিয়ে প্রতিস্থাপন করলে আয়োডিন গ্রহণের পরিমাণ ৯ থেকে ২১ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে ক্যালসিয়াম, রিবোফ্লাভিন ও ভিটামিন বি১২ গ্রহণের পরিমাণও কমার আশঙ্কা রয়েছে।

গবেষণায় আয়োডিনের ঘাটতির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরিতে প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। এসব হরমোন শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাভাবিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষকদের মডেল অনুযায়ী, দুগ্ধজাত খাবারের পরিবর্তে ২০ থেকে ৩৩ শতাংশ উদ্ভিজ্জ বিকল্প গ্রহণ করলে কিশোরীদের মধ্যে অপর্যাপ্ত আয়োডিন গ্রহণের হার ৫৪ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হতে পারে। ১৯ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এ হার ৩২ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে, সব ধরনের দুগ্ধজাত খাবারের পরিবর্তে উদ্ভিজ্জ বিকল্প গ্রহণের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, কিশোরী মেয়েদের ৮০ শতাংশ এবং কিশোর ছেলেদের ৭২ শতাংশের আয়োডিন গ্রহণ প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যে শিশুদের মোট আয়োডিন গ্রহণের প্রায় অর্ধেক এবং প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশ আসে দুগ্ধজাত খাবার থেকে। কিন্তু দেশটিতে উদ্ভিজ্জ দুধ, দই ও পনিরে বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান যুক্ত করার নিয়ম নেই।

গবেষকদের মতে, উদ্ভিজ্জ বিকল্প খাবারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত করা হলে এ ধরনের ঘাটতির ঝুঁকি কমানো সম্ভব। গবেষণার মডেল অনুযায়ী, সব উদ্ভিজ্জ বিকল্পে আয়োডিন যুক্ত করা হলে এসব খাবার গ্রহণের কারণে আয়োডিন গ্রহণের গড় মাত্রা কমে যাওয়ার ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব।

ব্রিটিশ ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও নিবন্ধিত ডায়েটিশিয়ান নিকোলা লুডলাম-রেইন বলেন, গবেষণাটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ তুলে ধরেছে। তবে এর অর্থ এই নয় যে, উদ্ভিজ্জ খাবার গ্রহণ করলেই প্রত্যেকের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেবে। ব্যক্তির সামগ্রিক খাদ্যাভ্যাসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তিনি উদ্ভিজ্জ দুধ কেনার আগে পণ্যের লেবেল পরীক্ষা করে আয়োডিনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ডিম, সাদা মাছ এবং যারা দুগ্ধজাত খাবার গ্রহণ করেন তাদের জন্য দই ও কেফিরও আয়োডিনের উৎস হতে পারে।

তবে আয়োডিনের উৎস হিসেবে সামুদ্রিক শৈবাল বা কেল্পের সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ এসব পণ্যে আয়োডিনের পরিমাণ ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। অতিরিক্ত আয়োডিন গ্রহণও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

গবেষণাটি আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের বক্তব্য, উদ্ভিজ্জ খাবারের ব্যবহার বাড়লেও সেগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুগ্ধজাত খাবার বাদ দেওয়ার ক্ষেত্রে বিকল্প উৎস থেকে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণের বিষয়েও সচেতন থাকতে হবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

আরও পড়ুন

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?