
তীব্র তাপপ্রবাহ, আকস্মিক বন্যা, খরা ও উপকূলীয় ভাঙনের মতো জলবায়ু বিপর্যয়ে বিশ্বজুড়ে শহুরে জীবন ও জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। ব্যয়বহুল কংক্রিটনির্ভর অবকাঠামোর পরিবর্তে গাছপালা, নগর বনায়ন, পার্ক ও জলাভূমি পুনরুদ্ধারের মতো প্রকৃতিভিত্তিক সমাধান (নেচার-বেসড সলিউশনস বা এনবিএস) কীভাবে শহরগুলোকে নিরাপদ ও বাসযোগ্য করতে পারে, তার বিস্তারিত রূপরেখা তুলে ধরেছে সি৪০ সিটিস ক্লাইমেট লিডারশিপ গ্রুপ।
সম্প্রতি সি৪০ নলেজ হাবে ‘হাউ টু ইউজ নেচার-বেসড সলিউশনস টু ম্যানেজ ক্লাইমেট রিস্কস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন ও ব্লু অবকাঠামো বা ইকোসিস্টেম-ভিত্তিক এই সমাধান শুধু জলবায়ু ঝুঁকিই কমায় না; বরং জনস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও নগর অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখে।

প্রাকৃতিক সম্পদ ও ঝুঁকির মানচিত্রায়ণ :
প্রতিবেদনে শহরের জলবায়ু ঝুঁকি মূল্যায়নের পাশাপাশি বিদ্যমান সবুজ স্থান, গাছের আচ্ছাদন, মাটির পানি শোষণ ক্ষমতা এবং প্রাকৃতিক জলাধারের মানচিত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রটারডাম, মেলবোর্ন, প্যারিস, বুয়েনস এইরেস ও অস্টিনের উদাহরণ টেনে এতে বলা হয়, স্থানীয় প্রজাতির গাছপালার পাশাপাশি ভবিষ্যতের উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম উদ্ভিদ রোপণ জরুরি।
মেলবোর্নের আরবান ফরেস্ট স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী, কার্যকর পদক্ষেপ না নিলে গাছের বয়স ও বৈচিত্র্যের অভাবে আগামী ২০ বছরে শহরটি তার ৪৪ শতাংশ গাছের আচ্ছাদন হারাতে পারে। অন্যদিকে কেপটাউন দেশীয় ‘ফিনবোস’ উদ্ভিদ পুনরুদ্ধার এবং পাইনজাতীয় আগ্রাসী গাছ অপসারণ করে দাবানলের ঝুঁকি কমানোর পথ খুঁজে পেয়েছে। এ ছাড়া লন্ডনের ‘ন্যাচারাল ক্যাপিটাল অ্যাকাউন্টিং’ সমীক্ষা পার্ক ও সবুজ স্থানে বিনিয়োগ বাড়াতে নীতিনির্ধারকদের সমর্থন আদায়ে বড় ভূমিকা রেখেছে।
সবার জন্য ন্যায্য সবুজ ও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা :
বিশ্বের অধিকাংশ শহরেই নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর বসবাসকৃত এলাকায় গাছপালা ও খোলা জায়গা কম থাকে, যা তাদের জলবায়ু ঝুঁকি বাড়িয়ে দেয়। এ বৈষম্য দূর করতে শহরের মাস্টারপ্ল্যানে সবুজ স্থান ও গাছের আচ্ছাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে কয়েকটি শহরের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে-ইকুয়েডরের কিটো ২০৩০ সালের মধ্যে জনপ্রতি অন্তত ২০ বর্গমিটার সবুজ স্থান নিশ্চিত করতে চায়; মেলবোর্ন ২০৪০ সালের মধ্যে গাছের আচ্ছাদন ২২ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে; লস অ্যাঞ্জেলেস ২০৫০ সালের মধ্যে শতভাগ বাসিন্দাকে পার্কের আধা মাইলের মধ্যে আনতে চায় এবং লিসবন ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ নাগরিকের জন্য ৩০০ মিটারের মধ্যে ২ হাজার বর্গমিটারের বড় সবুজ স্থান নিশ্চিত করার পরিকল্পনা করেছে।
দুর্যোগভেদে প্রকৃতিভিত্তিক সমাধান :
প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় বয়স্ক গাছ ও সবুজ করিডোর শীতলতা ও বায়ুপ্রবাহ বাড়ায়। বন্যার ঝুঁকি কমাতে পুনরুদ্ধারকৃত প্লাবনভূমি, জলাধার ও পানি শোষণক্ষম ভূমি বৃষ্টির পানি ধরে রাখে এবং গাছের শিকড় ভূমিধস রোধ করে। এ ছাড়া খরা মোকাবিলায় ভূগর্ভস্থ পানির স্তর পুনর্গঠন, দাবানল ঠেকাতে অগ্নি-সহনশীল উদ্ভিদ রোপণ এবং উপকূলীয় ঝড় ও ভাঙন রোধে ম্যানগ্রোভ ও জলাভূমি সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ২০১৭ সালে ভয়াবহ ভূমিধসে প্রায় এক হাজার মানুষের মৃত্যুর পর সিয়েরা লিওনের ফ্রিটাউন শহরে নেওয়া ‘ফ্রিটাউন দ্য ট্রিটাউন’ কর্মসূচির কথা উল্লেখ করা হয়। ওই উদ্যোগে ১০ লাখ গাছ রোপণ ও গাছের আচ্ছাদন ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে গাছের পরিচর্যা করে ক্ষুদ্র আর্থিক প্রণোদনা পান। এ ছাড়া প্রকল্পের মান যাচাইয়ে ২০২০ সালে প্রকাশিত আইইউসিএনের বৈশ্বিক মানদণ্ড অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
নগর পরিকল্পনায় অন্তর্ভুক্তি ও অর্থায়ন :
প্রকৃতিভিত্তিক সমাধান টেকসই করতে শহরের মাস্টারপ্ল্যান, দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা এবং ভবন নির্মাণ বিধিমালায় এসব উদ্যোগ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। সিউলের পুনরুদ্ধারকৃত চংগেচন নদী ও ইউট্রেখটের কাথারিনসিংহেল খাল একসময় মোটরওয়ে ছিল; আর বুয়েনস এইরেসের লাগো লুগানো প্রকৃতি সংরক্ষণ এলাকা আগে ছিল ময়লার ভাগাড়। রটারডামে সবুজ ছাদ (গ্রিন রুফ), ভারতের কোচিতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় বনায়ন এবং সুইডেনের মালমোতে ‘গ্রিন স্পেস ফ্যাক্টর’ নীতি সফলভাবে প্রয়োগ করা হয়েছে।
তবে এককালীন বৃক্ষরোপণের চেয়ে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে অর্থের জোগান দেওয়া শহরগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ জন্য স্বাস্থ্য, পরিবহন ও দুর্যোগ প্রস্তুতি খাতের বাজেট থেকে অর্থ বরাদ্দ, করের অংশ ব্যবহার (যেমন-যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস ও বার্লিংগেম), বিমা খাতকে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রায় ২০০ শহরের নেটওয়ার্ক ‘সিটিস উইথ নেচার’, সি৪০-এর ‘আরবান নেচার অ্যাক্সিলারেটর’ এবং ৭০টির বেশি শহরের ‘সিটিস ফর ফরেস্টস’-এর মতো বৈশ্বিক জোটে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সি৪০ নলেজ হাব।