
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে অস্বাভাবিক উচ্চতার জোয়ার ও বিশাল ঢেউয়ের আঘাতে দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা ও উপকূলীয় বন্যা। সুপার এল নিনোর প্রভাবে বুধবার (২৫ নভেম্বর) রাজ্যটির বিভিন্ন এলাকায় জোয়ারের পানি রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এতে সমুদ্রের পানি ঢুকে পড়ে উপকূলীয় জনপদ, সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি এলাকার সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্বাভাবিক জোয়ারের পাশাপাশি শক্তিশালী ঢেউ আঘাত হানায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্যাসিফিকা শহরে বিশাল ঢেউয়ের আঘাতে একটি পরিচিত পৌর জেটির একাংশ সাগরে ধসে পড়ে। জেটিটি আগে থেকেই কাঠামোগত ক্ষতির কারণে জনসাধারণের জন্য বন্ধ ছিল। তবে স্বাভাবিক নভেম্বর মাসের তুলনায় প্রায় ১২ গুণ শক্তিশালী সামুদ্রিক ঢেউয়ের আঘাতে এর ক্ষতি আরও বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার (NWS) তথ্য অনুযায়ী, বুধবার লস অ্যাঞ্জেলেসে জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১৯ ফুট এবং সান্তা বারবারায় ৮ দশমিক ২১ ফুটে পৌঁছায়। উভয় এলাকায় সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ভেঙেছে অথবা সমান হয়েছে। অন্যদিকে, সান ডিয়েগোর উত্তরে লা জোলায় জোয়ারের উচ্চতা দাঁড়ায় ৮ দশমিক ১১ ফুট বা প্রায় ২ দশমিক ৫ মিটার, যা সেখানে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ২৪ ফুট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা জানায় আবহাওয়া বিভাগ। পরিস্থিতির কারণে মন্টেরি শহরের একাধিক সৈকত শুক্রবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সান্তা ক্রুজ কাউন্টিতেও সৈকত বন্ধ ঘোষণা করা হয়।
প্যাসিফিকা শহরে সমুদ্রের পানি সৈকত ও জেটি ছাড়িয়ে উপকূলীয় সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। হাইওয়ে-১-এর কিছু অংশও পানিতে প্লাবিত হয়। এ ছাড়া অরেঞ্জ কাউন্টির সানসেট বিচ এলাকায় বেশ কয়েকটি উপকূলীয় বাড়িতে পানি ঢুকে পড়ে। সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি নিচু সড়কও প্লাবিত হওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হয়।
আবহাওয়াবিদদের মতে, এবারের পরিস্থিতির পেছনে একাধিক প্রাকৃতিক ও জলবায়ুগত কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী এল নিনো, প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণ পানি এবং মৌসুমি সর্বোচ্চ জোয়ার বা ‘কিং টাইড’।

কিং টাইড হলো বছরের নির্দিষ্ট সময়ে সংঘটিত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উচ্চতার জোয়ার। সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থানগত বিন্যাসের কারণে এ সময় মহাসাগরের পানিতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার সৃষ্টি হয়।
এবার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক উচ্চতা এবং কিং টাইড একই সময়ে ঘটায় উপকূলীয় বন্যার ঝুঁকি বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সুপার এল নিনোর প্রভাব এবং ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর এগিয়ে আসা বিশাল উষ্ণ সমুদ্রস্রোত বা কেলভিন ওয়েভের অবশিষ্ট প্রভাব।
বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্বাভাবিক উচ্চ জোয়ারের সময় যদি শক্তিশালী শীতকালীন ঝড়, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে আঘাত হানে, তাহলে উপকূলীয় বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, এবারের পরিস্থিতি ভবিষ্যতে কী ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, তার একটি পূর্বাভাস। তাই সাময়িকভাবে পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও নজর দিতে হবে।
রাজ্যটির জরুরি সেবা বিভাগ বন্যা ও ঝড় মোকাবিলায় বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে। সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকায় বন্যার পানি ঠেকাতে বিভিন্ন স্থাপনার সামনে বালুর বস্তা দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
এবারের জোয়ারে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর বড় ধরনের বন্যার ঝুঁকিতে থাকলেও শেষ পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি কার্যক্রম কেন্দ্র বন্ধ করে দেয়। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অন্তত তিনটি বিমান সংস্থা সান ফ্রান্সিসকোগামী যাত্রীদের বিনা খরচে ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিয়েছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী দুই মাসে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। ডিসেম্বরের শেষভাগ এবং জানুয়ারির শেষভাগে আবারও শক্তিশালী কিং টাইড ফিরে আসার আশঙ্কা রয়েছে। এ সময় শীতকালীন ঝড়ের সম্ভাবনাও থাকায় উপকূলীয় এলাকাগুলোতে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।
অর্থাৎ নভেম্বরের বিপদ আপাতত অনেকটা কাটলেও ডিসেম্বর ও জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার উপকূলের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে।