
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। এরই মধ্যে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শহরটি। বৃহস্পতিবার সকালে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৯। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, এই স্কোরের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তালিকায় ৩৬২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৩৯। অন্যদিকে, ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুর মান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ বায়ুর মান নির্দেশ করে। অর্থাৎ, ঢাকার ২৩৯ স্কোরের বায়ু নগরবাসীর স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ ধরনের বায়ুদূষণের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। তাঁদের যথাসম্ভব ঘরের ভেতরে থাকার এবং সুস্থ ব্যক্তিদেরও বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রমমূলক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।