ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের ভয়াবহ সংক্রমণ, ৪৫ জনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১:৪৮ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের (West Nile Virus) সংক্রমণ এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪৫ জন। আক্রান্তদের মধ্যে কয়েকজন গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁদের একজন মান্ডি বুড, যিনি গত দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পা নাড়াতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের বারব্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুডের শরীরে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণের ফলে স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এএফপিকে বুড বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’ তবে প্রাণে বেঁচে ফিরতে পারাকেই বড় সৌভাগ্য মনে করছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’

ক্যালিফোর্নিয়ায় এ বছর ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে, যা অঙ্গরাজ্যটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হিসেবে রেকর্ড হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।

ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি। সংক্রমিত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা ভাইরাসটিতে আক্রান্ত হয়। পরে সেই সংক্রমিত মশা মানুষকে কামড়ালে মানবদেহে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছু অজানা। এর প্রতিরোধে মানুষের জন্য কোনো অনুমোদিত টিকা নেই, একইভাবে নেই সুনির্দিষ্ট চিকিৎসাও। আক্রান্ত অধিকাংশ মানুষের শরীরে কোনো উপসর্গ দেখা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে জ্বর, স্নায়বিক জটিলতা এবং মস্তিষ্কে গুরুতর সংক্রমণ দেখা দিতে পারে।

স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রায় এক শতাংশ আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে, যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। পক্ষাঘাতের মতো জটিলতাও দেখা দিতে পারে।

বুড জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটিয়েছেন। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। কিন্তু ক্যালিফোর্নিয়ার তুলনামূলক সুন্দর আবহাওয়ায় এসে এমন রোগে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি তিনি।

বুড বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের ফলে মশার বংশবিস্তার এবং মশাবাহিত রোগের বিস্তারে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের এবারের সংক্রমণ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বন্যার পর বিমা দাবি করতে গিয়ে যে ভুল করেন বাড়ির মালিকেরা

মাদারীপুরে অস্বাস্থ্যকর খাবার তৈরি, হোটেলকে লাখ টাকা জরিমানা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগোল বাংলাদেশ

Youth Call for Swift Formulation of Rules under Tobacco Control Law

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

শীতের দেশেও তুষারের দেখা নেই, পেছনে কি এল নিনো?

এআই খাতের অস্থিরতায় চাপ বাড়ছে স্বর্ণ ও রুপার দামে

শুধু মানুষ নয়, বন্ধুত্বে আয়ু বাড়ে ডলফিনেরও!

নভেম্বর শেষ, তবু শীতের দেখা নেই মিশিগানে!