ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ সকাল

Link Copied!

হিমেল বাতাস ও কুয়াশার চাদরে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিদিনই ওঠানামা করছে তাপমাত্রা। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। সকালে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার পর থেকে আবারও বাড়ছে ঠান্ডার প্রকোপ।

স্থানীয়রা জানান, রাত থেকেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। সকাল ও সন্ধ্যার পর শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলের পর আবারও বাড়ছে শীতের দাপট।

শীতের এমন পরিস্থিতিতেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীঘাটসহ বিভিন্ন স্থানে কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদেরও কনকনে ঠান্ডা উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে। তবে সকালের ঠান্ডা ও কুয়াশার কারণে তাদের স্বাভাবিক কর্মজীবনে কিছুটা ভোগান্তি বাড়ছে।

অন্যদিকে, শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, হিমালয়ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে আগে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন