
গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নির্ধারিত পথে চলাচল করবে না। তবে ট্রেনটি বিকল্প রুটে চলাচল করবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা ও আশপাশের এলাকার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবনের অনুমোদনক্রমে ট্রেন দুটির নির্ধারিত রুটে চলাচল বাতিল করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোছা. পারভীনা খাতুন জানান, বৃহস্পতিবার ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত রুটে চলাচল বাতিল করা হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত পথে চলাচল বন্ধ থাকবে। তবে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরে বিকল্প এক্সপ্রেস হিসেবে চলাচল করবে।
বিকল্প সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।
বিকল্প পথে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে যাত্রাবিরতি করবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে হল্ট করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ট্রেন চলাচল বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রেখেছে রেলওয়ে। হঠাৎ এ সিদ্ধান্তে বেনাপোল, যশোরসহ সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।