
ঝিনাইদহের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অহিদুজ্জামান নামে আরও এক যাত্রী আহত হয়েছেন। যাত্রীবাহী একটি মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমল কুমার সাহা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, বুধবার রাতে কমল কুমার সাহাসহ কয়েকজন যাত্রী শৈলকুপা থেকে মাহিন্দ্রযোগে ঝিনাইদহে আসছিলেন। পথে আমতলা বাজারসংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় মাহিন্দ্রটি। এতে গাড়িটি উল্টে গিয়ে দুই যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কমল কুমার সাহাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, দুর্ঘটনার পর মাহিন্দ্রের চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।