
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যকর করা হয়েছে, যদিও কিছু ছোটখাটো সমস্যা আছে, যা শীঘ্রই সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, সার্বিক আইনশৃঙ্খলা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর কয়েকটি ছোটখাটো ঘটনায় কথাও বলা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, অনলাইন এবং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ করেছেন, যাচাই করা তথ্যই প্রচার করতে এবং সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে।
উপদেষ্টা আরও উল্লেখ করেছেন, নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই লক্ষ্যে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আগে শুধু জিডি করা হতো, এবার সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্পষ্ট করেছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে- নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত হলে আইনের আওতায় আনা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অন্যান্য বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।