
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক শিশুর বাবা এবং পেছনে বসে থাকা মা জখম হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জান্নাতুল (১৫ মাস)। এ ঘটনায় শিশুর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সোনাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের জালাল উদ্দিন বেপারি বাড়ির শিপন হোসেনের একমাত্র মেয়ে। রাতে এশার নামাজের পর জানাজা শেষে শিশু জান্নাতুলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, শিপন মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে তার স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। তখন সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তারা। এ সময় মোটরসাইকেলের সামনে বসে থাকা শিশু জান্নাতুলও ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে শিশুকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাহির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।