ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

রাবিতে শিক্ষার্থীদের জন্য চালু হলো ৫টি পরিবেশবান্ধব ই-কার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ । ৯৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ৫টি পরিবেশবান্ধব ই-কার সেবা চালু করেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সেবার উদ্বোধন করেন রুয়া সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়া সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ৫টি ই-কার চালু করা হলেও ভবিষ্যতে সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রুয়া প্রশাসনের পাশে থাকবে বলেও উল্লেখ করেন।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা জানান, রিকশা ভাড়া নিয়ে হয়রানি ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কারণে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছিল। রুয়া ও রাকসুর যৌথ উদ্যোগে ই-কার সেবা চালু হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি পেয়েছেন।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পরিবহন ব্যবস্থার সহজিকরণ ছিল তাদের ইশতেহারের একটি প্রধান প্রতিশ্রুতি। রুয়া সেই দাবি বাস্তবায়ন করায় শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত রুয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিসিএস পরীক্ষার্থীদের সহায়তা থেকে শুরু করে ই-কার চালুর মতো উদ্যোগ তাদের ইতিবাচক ভূমিকার প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুটে নির্ধারিত স্টপেজ থেকে প্রশাসন ভবন পর্যন্ত এই পরিবেশবান্ধব ই–কার সেবা চলবে মাত্র ৫ টাকা ভাড়ায়। রুটগুলো হলো—

শহীদ আলী রায়হান গেট, সাকিব আঞ্জুম গেট (কাজলা, বিনোদপুর), রহমতুন্নেসা হল, সৈয়দ আমীর আলী হল, চারুকলা অনুষদ।

এই উদ্যোগে ক্যাম্পাসের পরিবহন সংকট নিরসন ও শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।