
রাজধানীতে গণপরিবহনের মান উন্নত করতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা এবং দৈনিক ৭টি ট্রিপ বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার থেকেই নতুন সময়সূচিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৭টা ১৫ মিনিটে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যান্য দিন এই সময়সূচি কার্যকর থাকবে।
ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, “চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, এখন তা বেড়ে ২৪৩টি ট্রিপ হয়েছে। অর্থাৎ সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।”
মেট্রোরেল এখন রাজধানীর কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ পরিবহন হিসেবে জায়গা করে নিয়েছে। সময় বৃদ্ধির এই সিদ্ধান্তে অফিসগামী ও দোকানকর্মীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন যাত্রীরা।
নুরুল আমিন নামে এক অফিসগামী যাত্রী ফেসবুকে লিখেছেন, “আমাদের অফিস শুরু হয় সকাল ৮টায়। আগে মেট্রোর সময় না মেলায় বাসে যেতে হতো। এখন সময়মতো অফিসে পৌঁছানো যাবে।”
মতিঝিলের দোকানকর্মী মফিজুল ইসলাম বলেন, “আমাদের দোকান বন্ধ হয় রাত ৯টার দিকে। আগের সময়সূচিতে মেট্রো ধরতে পারতাম না। এখন শেষ ট্রেন প্রায় রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে, তাই বাড়ি ফেরা অনেক সহজ হবে।”
ডিএমটিসিএল জানায়, যাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ধীরে ধীরে মেট্রোরেল সেবাকে আরও উন্নত করা হবে। নগরবাসীর জন্য এই সময়সূচি পরিবর্তন রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।