
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালে ধাক্কা খায় প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্রাকটি। সংঘর্ষের পরপরই ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।
নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, আর ১৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে চিকিৎসা শেষে ৩৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ।
সূত্র: রয়টার্স