
ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকালে হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
পুলিশ জানায়, ভিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ফলে ট্রাকের কঙ্কর ও পাথরগুঁড়া বাসের ভেতরে ঢুকে পড়ে, বহু যাত্রী চাপা পড়ে নিহত হন। নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ নারী এবং বাস ও ট্রাকের চালক রয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অনেক যাত্রী কঙ্করের নিচে চাপা পড়ে বাঁচার জন্য চিৎকার করছিলেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের বের করতে বাসের অংশ কেটে ফেলেন। বিশেষ করে চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকর দুর্ঘটনার কারণ জানতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াই নাগিরেড্ডির সঙ্গে আলোচনা করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসককে নির্দেশ দিয়েছেন।
প্রধান বিরোধী দল বিএআরএসের কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানান এবং সরকারের কাছে দ্রুত সহায়তা ও সেরা চিকিৎসা নিশ্চিত করার দাবি তোলেন।
সূত্র: এনডিটিভি