
আকাশপথে ভ্রমণের সময় পাওয়ার ব্যাংক বহনে নতুন সতর্কতা জারি করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ। সম্প্রতি IndiGo–এর একটি ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত লিথিয়াম ব্যাটারিজনিত অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো যাত্রীই চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক রাখতে পারবেন না। এটি শুধুমাত্র হ্যান্ড ব্যাগ বা কেবিন ব্যাগে বহন করা যাবে। পাশাপাশি ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার জন্য পাওয়ার ব্যাংক সবসময় নিজের কাছেই রাখতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি বা অতিরিক্ত গরম হওয়ার ঘটনা দ্রুত শনাক্ত করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় অবশ্যই উন্নতমানের ও সার্টিফায়েড পাওয়ার ব্যাংক ব্যবহার করা উচিত। নষ্ট, ফেটে যাওয়া বা ফুলে ওঠা পাওয়ার ব্যাংক বহন করা ঝুঁকিপূর্ণ। এছাড়া শর্ট সার্কিট এড়াতে পাওয়ার ব্যাংককে চাবি, কয়েন বা ধাতব বস্তুর সঙ্গে রাখা থেকেও বিরত থাকতে হবে।
জানা গেছে, বেশিরভাগ এয়ারলাইন্স সর্বোচ্চ ১০০ ওয়াট-আওয়ার বা প্রায় ২৭ হাজার এমএএইচ ক্ষমতার পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দিয়ে থাকে। তবে বিমানে থাকা অবস্থায় পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে গেলে বা ধোঁয়া বের হলে দ্রুত কেবিন ক্রুকে জানাতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এসব নিরাপত্তা নির্দেশনা অমান্য করলে যাত্রীদের বড় অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।