
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিশ্বের ১২টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেওয়া যাবে না। এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা ১২টি দেশ হলো-সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনোভাবেই বহির্গমন ছাড়পত্র ইস্যু করা যাবে না।
একই সঙ্গে এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের দালাল বা কোনো ধরনের প্রলোভনে পড়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নিতে বলা হয়েছে।