
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। ওই দিন থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে পরীক্ষা করা যাবে। এর আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াকরণ করা হবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে সংশ্লিষ্ট সেন্টারের অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশনা পালন ও সক্ষমতার ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা থেকে কোনো সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন সেন্টার যুক্তও হতে পারে। মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র ও ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।
এ ছাড়া অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।