
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ দুপুর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত সোমবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।