
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ২০৩ জন ছাড়িয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
ইসি কর্মকর্তা জানান, পূর্বের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার আইটি সাপোর্টেড পোস্টাল ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে।
নিবন্ধন চলছে বিশ্বের বিভিন্ন দেশে, যার মধ্যে রয়েছে: দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ইথিওপিয়া, নাইজেরিয়া, মরক্কো, তাইওয়ান, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, উগান্ডা, মরিশাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ইত্যাদি।
ইসি জানায়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবেন।
ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে প্রবাসীদের ১০ লাখ ব্যালট প্রিন্ট এবং ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য রাখা হয়েছে।