
দক্ষ মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) বাস্তবায়িত তাকামোল প্রকল্প। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে ৪০ হাজার জন আন্তর্জাতিক মানের মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) প্রকল্পটির অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তাকামোল প্রকল্পের এই সাফল্য বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদেশগামী কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন নিশ্চিত করা। প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণকারীরা টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও আচরণবিধি, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশনসহ নানাবিধ কোর্সে অংশ নেন।
তাকামোল প্রকল্পের পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরে ১ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ সুবিধাও চালু করা হবে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও প্রশিক্ষণের সুযোগ পান।
প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কর্মীদের আয়ের উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।