
দেশের মোটরযান সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকে চালু হলো কিউআর (QR) কোড সম্বলিত ডিজিটাল ট্যাক্স টোকেন বা ‘ই-ট্যাক্স টোকেন’। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে মোটরযানের ট্যাক্স টোকেন নবায়ন বা নতুন ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভিসেস পোর্টাল থেকে প্রস্তুতকৃত কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন সনদ ব্যবহার করতে হবে।

মূল সুবিধা ও নির্দেশনা
১. তাৎক্ষণিক যাচাই: ই-ট্যাক্স টোকেন যেকোনো কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। এতে ট্যাক্স টোকেন সংক্রান্ত জালিয়াতি সহজেই প্রতিরোধ করা সম্ভব হবে।
২. স্বচ্ছতা বৃদ্ধি: ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
৩. সহজ নবায়ন প্রক্রিয়া: গ্রাহকরা অনলাইনে অর্থ পরিশোধের পর বিআরটিএর সার্ভিসেস পোর্টাল থেকে ই-ট্যাক্স টোকেন সংগ্রহ করতে পারবেন।
৪. অবিলম্বে কার্যকর: পরিপত্র জারির তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ ডিজিটাল ব্যবস্থায় জাল টোকেন ব্যবহারের সুযোগ আর থাকবে না। এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং জালিয়াতি প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
এই ব্যবস্থাটি সফলভাবে কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।