
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, বিদেশের মাটিতে একসঙ্গে পাঁচজন বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ঘটনায় পরিবারগুলোর ওপর নেমে এসেছে গভীর শোকের ছায়া, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জীবিকার তাগিদে পরিবারের সদস্যদের ছেড়ে বিদেশে থাকা এসব মানুষের এমন মৃত্যু শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্যই বেদনাদায়ক।
জমিয়ত সভাপতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে নিহতদের মাগফিরাত, শহীদের মর্যাদা দান এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।