
হঠাৎ ভিডিও কলে কোনো সহকর্মীর জরুরি ব্যাংক লেনদেনের অনুরোধ, কিংবা বিপদে পড়া পরিবারের কোনো সদস্যের অসহায় কণ্ঠ—চোখের সামনে চেনা মুখ আর কানে পরিচিত স্বর শুনেও এখন আর নিশ্চিত হওয়ার উপায় নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রিয়জন, বন্ধু বা সহকর্মীর চেহারা ও কণ্ঠস্বর হুবহু নকল করে সাধারণ মানুষের অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
ক্রমবর্ধমান এই ‘ডিপফেক’ প্রতারণার ভয়াবহতা তুলে ধরতে ও বিশ্বজুড়ে জনসচেতনতা বাড়াতে সিঙ্গাপুর থেকে বিশেষ সতর্কতামূলক প্রচারণা শুরু করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির ‘প্রজেক্ট সিন্থওয়েভ প্লাস’ -এর আওতায় এআই দিয়েই তৈরি তিনটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে প্রতারকেরা কীভাবে কৃত্রিম মিডিয়া ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। জাপান সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সিন্থেটিক মিডিয়া-সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় সহায়তা দিচ্ছে।
ইন্টারপোল জানিয়েছে, জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো দিন দিন আরও উন্নত হচ্ছে এবং এগুলো ব্যবহারের জন্য এখন বড় কোনো কারিগরি দক্ষতা বা বিনিয়োগের প্রয়োজন হয় না। অনলাইনে থাকা সামান্য কিছু ছবি বা অডিও ব্যবহার করেই প্রতারকেরা বাস্তব মানুষের চেহারা ও কণ্ঠস্বর হুবহু নকল করতে পারছে।
একসময় ডিপফেককে কেবল বিশিষ্ট ব্যক্তিদের জন্য হুমকি হিসেবে দেখা হলেও, এখন সাধারণ নাগরিকেরাই এর প্রধান লক্ষ্য। বিনিয়োগ প্রতারণা, ছদ্মবেশ ধারণ, রোমান্স স্ক্যাম, সেক্সটরশন, ডিপফেক পর্নোগ্রাফি এবং ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে মানুষের সংবেদনশীল তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ইন্টারপোল ইনোভেশন সেন্টারের পরিচালক তোশিনোবু ইয়াসুহিরা বলেন, ‘এআই প্রতারণার প্রচলিত চিহ্নগুলো মুছে ফেলছে। বানান ভুল, ব্র্যান্ডিংয়ের অসংগতি কিংবা অগোছালো ফরম্যাটের মতো সতর্কতা সংকেতগুলো দ্রুতই অতীতের বিষয় হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বয়স, অঞ্চল বা পেশা নির্বিশেষে যে কেউ এই প্রতারণার শিকার হতে পারেন। ইন্টারপোলের এই উদ্যোগের লক্ষ্য হলো—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ দেওয়া, যাতে তারা ক্ষতি হওয়ার আগেই এসব হুমকি চিনতে পারেন এবং কার্যকর পদক্ষেপ নিতে পারেন।’
প্রচারণামূলক ভিডিওগুলোতে ‘অপেক্ষা করুন, যাচাই করুন, ফাঁদে পা দেবেন না’ —এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রতারণা চিনতে বেশ কিছু সতর্কতা সংকেতের কথা উল্লেখ করেছে ইন্টারপোল। অপরিচিত কেউ বা বন্ধু, আত্মীয় কিংবা বিশ্বস্ত প্রতিষ্ঠানের পরিচয়ে হঠাৎ যোগাযোগ করে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা টাকা চাইলে তা প্রতারণার লক্ষণ হতে পারে। এ ছাড়া পারিবারিক জরুরি অবস্থা বা সংকটের কথা বলে যাচাইয়ের সুযোগ না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার চাপ, ভয় বা আতঙ্ক তৈরি করে বিষয়টি গোপন রাখার শর্ত দেওয়া এবং ওয়্যার ট্রান্সফার, ক্রিপ্টোকারেন্সি বা গিফট কার্ডের মতো অপ্রচলিত মাধ্যমে অর্থ চাওয়াও বড় সতর্কতা সংকেত। অনলাইনে খুব দ্রুত ভালোবাসার প্রকাশ ঘটিয়ে ডেটিং প্ল্যাটফর্মের বাইরে ব্যক্তিগত যোগাযোগে নিয়ে যাওয়ার প্রবণতাও রোমান্স স্ক্যামের অংশ হতে পারে।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশ্বাসযোগ্য কারও কাছ থেকেও এমন অনুরোধ এলে তাৎক্ষণিক সাড়া না দিয়ে সময় নেওয়া এবং আশপাশের মানুষের সঙ্গে পরামর্শ করা জরুরি। অপ্রত্যাশিত বা সন্দেহজনক কল কেটে দিয়ে পরিচিত ও নির্ভরযোগ্য নম্বরের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে হবে। অনলাইন সম্পর্কের ক্ষেত্রে প্রোফাইল ছবি ও তথ্য অন্য কোনো উৎস থেকে নেওয়া কি না তা যাচাই করার পাশাপাশি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একটি ‘সেফ ওয়ার্ড’ বা গোপন সংকেত ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সন্দেহজনক কলের সময় পরিচয় নিশ্চিত করা যায়। একই সঙ্গে সব অনলাইন অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
মানুষের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছে ইন্টারপোল। কর্মীদের ডিপফেক প্রতারণা, ভিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া, আর্থিক লেনদেন বা তথ্য স্থানান্তরে বহু-ধাপের যাচাইকরণ প্রক্রিয়া (বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সরাসরি বা সামনাসামনি নিশ্চিতকরণসহ) চালু রাখা এবং ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থেকে বাঁচতে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কেউ প্রতারণার শিকার হলে বা সন্দেহ করলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে এবং সম্প্রতি কোনো অর্থ পাঠিয়ে থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফ্রান্সের লিঁও শহরে সদর দপ্তর অবস্থিত ইন্টারপোল ১৯৬টি সদস্য দেশ নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা, যা আর্থিক অপরাধ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ এবং সংঘবদ্ধ ও নতুন ধরনের অপরাধ মোকাবিলায় বিশ্বব্যাপী কাজ করে।