ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এআই খাতের অস্থিরতায় চাপ বাড়ছে স্বর্ণ ও রুপার দামে

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৫ নভেম্বর ২০২৬, ৫:০৮ বিকাল

Link Copied!

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডলার, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন-সব মিলিয়ে চাপে রয়েছে মূল্যবান এই দুই ধাতুর বাজার। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারে লোকসানের কারণে নগদ অর্থের প্রয়োজন মেটাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করতে পারেন। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা থাকলেও দাম কমার চাপ বাড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক বাজারবিষয়ক সংবাদমাধ্যম এফএক্সএম্পায়ার (FXEmpire)। প্রতিষ্ঠানটির বিশ্লেষক মুহাম্মদ উমাইর মনে করছেন, স্বর্ণের জন্য প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার এবং রুপার জন্য ৩৯ থেকে ৪০ ডলারের স্তর এখন গুরুত্বপূর্ণ। এসব স্তর ভেঙে গেলে উভয় ধাতুর দাম আরও কমতে পারে।

বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন ডলার সূচক ১০৪ দশমিক ৫০ পয়েন্টের গুরুত্বপূর্ণ প্রতিরোধক স্তরে পৌঁছানোর পর মঙ্গলবার ১০৩ দশমিক ৭৫ পয়েন্টে নেমে আসে। তবে সূচকটি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।

ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে-বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণ ও রুপার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ, ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ ও রুপা কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে।

বিশ্লেষকের মতে, ডলার সূচক ১০৪ দশমিক ৫০ পয়েন্টের ওপরে উঠলে স্বর্ণ ও রুপার দামে আরও নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।

স্বর্ণ ও রুপার বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে প্রযুক্তি এবং এআই খাতের শেয়ারে দরপতন। এসব শেয়ারে লোকসানের মুখে পড়া কিছু বিনিয়োগকারীর নগদ অর্থের প্রয়োজন হতে পারে। বিশেষ করে মার্জিন কল বা বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত অর্থ জমা দেওয়ার চাপ সামলাতে তারা স্বর্ণ বিক্রি করতে পারেন।

সাধারণত অর্থনৈতিক ও আর্থিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকেন। কিন্তু শেয়ারবাজারে বড় ধরনের লোকসান হলে নগদ অর্থ সংগ্রহের জন্য তারাও স্বর্ণ বিক্রি করতে বাধ্য হতে পারেন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা থাকলেও বিক্রির চাপ দাম কমিয়ে দিতে পারে।

এফএক্সএম্পায়ারের বিশ্লেষণে বলা হয়েছে, গত সপ্তাহে দীর্ঘমেয়াদি নিম্নমুখী চ্যানেলের গুরুত্বপূর্ণ সাপোর্টে পৌঁছানোর পর স্বর্ণের দাম ঘুরে দাঁড়িয়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৯ ডলারে উঠেছিল। তবে ৩ হাজার ৭০০ ডলারের প্রতিরোধক স্তরের কাছাকাছি গিয়ে আবারও দরপতন শুরু হয়।

মঙ্গলবার স্বর্ণের স্পট মূল্য ২ দশমিক ১৬ শতাংশ কমেছে। বিশ্লেষকের মতে, প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের সাপোর্ট ভেঙে গেলে দাম ৩ হাজার ৪০০ ডলার এবং পরবর্তী সময়ে ৩ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে।

তবে স্বর্ণের দাম দ্রুত ঘুরে দাঁড়িয়ে ৩ হাজার ৭০০ ডলারের ওপরে উঠতে পারলে পরিস্থিতি বদলাতে পারে। সে ক্ষেত্রে দাম আবার ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ডলারের অঞ্চলে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও নিম্নমুখী চাপ বাড়ছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ২৩ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি আউন্স ৩৯ থেকে ৪০ ডলারকে গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা।

এই স্তর ভেঙে গেলে রুপার দাম ৩৫ থেকে ৩৭ ডলারের অঞ্চলে নেমে যেতে পারে। অন্যদিকে, বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারলে প্রথমে ৪৫ ডলারের প্রতিরোধক স্তরের মুখে পড়তে পারে রুপা। এই স্তর অতিক্রম করতে পারলে দাম ৫০ ডলারের দিকে এগোনোর সুযোগ তৈরি হবে।

স্বর্ণ ও রুপার পরবর্তী গতিপথ নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচক বা পিসিই (PCE) মূল্যস্ফীতির তথ্য। ফেডারেল রিজার্ভ সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়।

বিশ্লেষকের মতে, মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে কম হলে সুদের হার দ্রুত বাড়ানোর আশঙ্কা কমতে পারে। এতে ডলারের ওপর চাপ তৈরি হয়ে স্বর্ণ ও রুপার দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে। তবে মূল্যস্ফীতি বেশি থাকলে সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হবে, যা মূল্যবান ধাতু দুটির ওপর বিক্রির চাপ বাড়াতে পারে।

সব মিলিয়ে স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার এবং রুপার জন্য ৩৯ থেকে ৪০ ডলারের স্তর এখন বাজারের গুরুত্বপূর্ণ পরীক্ষার জায়গা। এসব স্তর ধরে রাখতে পারবে কি না, তার ওপর নির্ভর করছে আগামী দিনে দুই ধাতুর দামের গতিপথ।

Facebook Comments Box

আরও পড়ুন

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

পাঁচ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার শিশু হাসপাতাল

যাত্রাবাড়ীতে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

ইংল্যান্ডে তীব্র গরমে এক গ্রীষ্মেই ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

OPPO Celebrates First Sale of World’s First Triple 200MP Camera Phone in Bangladesh

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

সমুদ্রের ভাঙনে হারিয়ে যেতে পারে ইংল্যান্ডের হাজারো বাড়ি!

প্রায় ১০০ বছর পর ফিরছে ৪০০ কোটি গাছ হারানোর সেই প্রজাতি!

কপ৩১ ব্যর্থতার প্রতীক ক্রিস বোয়েনের যে ছবিটি বিশ্বজুড়ে আলোচনায়

জলবায়ু রক্ষায় বড় অঙ্গীকারের সুযোগ হারাল বিশ্ব, ব্যর্থ কপ৩১

হিমালয়ের ঠান্ডা বাতাসে কাঁপছে পঞ্চগড়, বাড়ছে শীতের প্রকোপ