
হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামার মধ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেডলাইট ও ফগলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছে। বিশেষ করে কৃষিকাজ ও সবজি বাজারজাত করতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।
মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঘন কুয়াশার কারণে সকালে অনেক মানুষকে কর্মস্থলের উদ্দেশে কিছুটা দেরিতে বের হতে দেখা গেছে। অন্যদিকে, কৃষকেরা আশঙ্কা করছেন, কুয়াশা অব্যাহত থাকলে আমন ধান কাটা, আলুর বীজ বপন এবং শীতকালীন সবজির ক্ষেত পরিচর্যায় বাড়তি খরচ গুনতে হবে। বিশেষ করে আগাম আলু ও রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
দিনাজপুর সদর উপজেলার আলম বলেন, কয়েক দিন ধরেই কুয়াশা পড়ছে এবং শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রাও কমতে শুরু করেছে। মঙ্গলবার ঘন কুয়াশা পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজি চাষে খরচ বেড়ে যাবে।
সদর উপজেলার মিন্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার বলেন, মঙ্গলবারের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত এসে গেছে। তাঁরাও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, ঘন কুয়াশা রবি শস্যের জন্য কিছুটা বিপজ্জনক। এতে সবজি চাষের খরচ বাড়তে পারে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফসল রক্ষায় প্রতিদিন কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হলে কৃষকদের বাড়তি খরচ বহন করতে হবে।
পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, কুয়াশার কারণে ফজরের নামাজের পর রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই কিছুটা দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাজারে আসতে হয়েছে। মঙ্গলবারই এ মৌসুমে প্রথম এত বেশি কুয়াশা দেখেছেন তিনি।
শহরের বাহাদুর বাজারে সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার কৃষকেরা দেরিতে বাজারে সবজি নিয়ে এসেছেন। এতে বাজারের কার্যক্রমও দেরিতে শুরু হয়েছে।
এদিকে, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বাসের সহকারী সিরাজ বলেন, কয়েক দিন ধরেই কুয়াশা পড়ছে। তবে মঙ্গলবার কুয়াশার ঘনত্ব ছিল অনেক বেশি। এ কারণে হেডলাইট, ফগলাইটসহ সব ধরনের বাতি জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার এ মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
তিনি আরও জানান, আগামী ১৯ ও ২০ নভেম্বর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে।