
হাম রোগের সংক্রমণ, টিকার সুপারিশ পরিবর্তন, ওষুধের পরীক্ষার ফলাফল এমনকি সরকারি স্বাস্থ্যনীতির সিদ্ধান্ত নিয়েও অনলাইনে অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। পলিমার্কেট (Polymarket) ও কালশি (Kalshi) নামের দুটি অনলাইন প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে এমন বাজি চালু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যনীতি ও জুয়া-সংক্রান্ত বিশেষজ্ঞরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে হামের সংক্রমণ কতটা বাড়তে পারে, দেশটি হাম নির্মূলের স্বীকৃতি হারাবে কি না, কিংবা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকাসংক্রান্ত সুপারিশ পরিবর্তন করবে কি না-এসব বিষয়েও অর্থের বিনিময়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনলাইন প্রেডিকশন মার্কেট পলিমার্কেটের পাশাপাশি কালশিও জনস্বাস্থ্যসংক্রান্ত এমন বাজার চালু করেছে। চলতি বছরের গ্রীষ্মকাল থেকেই কালশিতে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ঘটনার ওপর বাজি ধরার সুযোগ তৈরি হয়। সেখানে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কবে ত্বকের ক্যানসারের টিকা অনুমোদন দেবে, ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল কী হবে কিংবা কোনো ওষুধ অনুমোদন পাবে কি না, তা নিয়েও অর্থ বিনিয়োগ করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও এসব বাজির আওতায় এসেছে। এমনকি কোনো রাজ্যে টিকাদান বাধ্যতামূলক রাখার নীতি বাতিল হবে কি না এবং স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা কবে পদ ছাড়বেন, তা নিয়েও পূর্বাভাসভিত্তিক চুক্তি রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের বাজি শুধু জুয়ার ঝুঁকিই বাড়াবে না, বরং স্বাস্থ্যনীতি, ওষুধের পরীক্ষা এবং সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার সুযোগও তৈরি করতে পারে। বিশেষ করে যাঁদের হাতে গোপন তথ্য রয়েছে, তাঁরা সেই তথ্য ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্যনীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ম্যাথিউ আইজেনবার্গ বলেন, যেসব ঘটনার ফলাফল যাচাই করা সম্ভব, কালশি ও পলিমার্কেট সেগুলো নিয়েই চুক্তি চালু করতে পারে। তাঁর মতে, এ ধরনের বাজারে এফডিএর সিদ্ধান্ত বা ওষুধের পরীক্ষার ফলাফল নিয়ে বাজি ধরার সুযোগ গোপন তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করে।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্যাম্বলিং স্টাডিজের পরিচালক অধ্যাপক লিয়া নাওয়ার বলেন, এসব প্রেডিকশন মার্কেট কার্যত নিয়ন্ত্রিত জুয়ার মতো হলেও সেগুলোর ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ নেই। প্ল্যাটফর্মগুলো নিজেদের প্রচলিত জুয়ার পরিবর্তে আর্থিক ডেরিভেটিভস হিসেবে উপস্থাপন করে। ফলে যুক্তরাষ্ট্রে এগুলো ফেডারেল পণ্যবাণিজ্য আইনের আওতায় পরিচালিত হচ্ছে এবং প্রচলিত জুয়ার ক্ষেত্রে রাজ্যভিত্তিক নিয়ন্ত্রণের বাইরে থাকছে।
তবে এসব প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে কয়েকটি রাজ্য ইতোমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছে। নিউ জার্সিসহ কয়েকটি রাজ্য ভোক্তা সুরক্ষা এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে অনৈতিকভাবে মুনাফা অর্জনের আশঙ্কায় এ ধরনের বাজার সীমিত করার উদ্যোগ নিচ্ছে।
ওষুধের পরীক্ষা ও স্বাস্থ্যনীতিতে প্রভাবের আশঙ্কা
বিশেষজ্ঞদের উদ্বেগের বড় একটি জায়গা হলো ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল। তাঁদের আশঙ্কা, পরীক্ষার ফলাফল নিয়ে বাজি চালু থাকলে অংশগ্রহণকারীরা ইচ্ছাকৃতভাবে নিজেদের আচরণ পরিবর্তন করে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। এমনকি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও আর্থিক স্বার্থে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারে।
এ ছাড়া ওষুধের অনুমোদন বা পরীক্ষার ফলাফল সম্পর্কে আগে থেকে জানা ব্যক্তিরা গোপন তথ্য ব্যবহার করে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পর্যালোচক, গবেষক এবং আইনপ্রণেতাদের কর্মীদের কাছ থেকে তথ্য ফাঁসের ঝুঁকির কথাও তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
তবে কালশির মুখপাত্র ড্যানি লিভার দাবি করেছেন, তাঁদের ক্লিনিক্যাল ট্রায়ালসংক্রান্ত বাজার ওষুধ উন্নয়নের ক্ষেত্রে একটি কাঠামোগত সমস্যার সমাধানে পরীক্ষামূলক উদ্যোগ। তাঁর ভাষ্য, যাঁদের কাছে কোনো ওষুধের পরীক্ষার সফলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাঁরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকেন। প্রেডিকশন মার্কেট তাঁদের সেই অভিজ্ঞতা ও তথ্য জনসমক্ষে তুলে ধরতে সহায়তা করতে পারে।
অন্যদিকে, এ বিষয়ে গার্ডিয়ানের প্রশ্নের জবাব দেয়নি পলিমার্কেট।
তরুণদের মধ্যে জুয়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন জুয়ার বিস্তার নিজেই একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে তরুণ, নিম্ন আয়ের মানুষ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে জুয়াসংক্রান্ত ক্ষতির ঝুঁকি তুলনামূলক বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২৭ বছর বয়সীদের অর্ধেকের বেশি গত এক বছরে কোনো না কোনো ধরনের জুয়ায় অংশ নিয়েছে। জুয়ায় অংশ নেওয়া তরুণদের মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশের জুয়াসংক্রান্ত ঝুঁকি রয়েছে এবং ১০ দশমিক ৩ শতাংশ উচ্চ ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া অনলাইন স্পোর্টস বেটিং বৈধ করার পর তরুণ পুরুষদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের চিকিৎসা নেওয়ার হার বেড়েছে বলে অধ্যাপক আইজেনবার্গের গবেষণায় উঠে এসেছে। জুয়ার ক্ষতি কমাতে জমার সীমা নির্ধারণ, স্বেচ্ছায় জুয়া থেকে বিরত থাকার ব্যবস্থা, বিজ্ঞাপন নিয়ন্ত্রণ এবং জুয়ার রাজস্ব থেকে চিকিৎসার অর্থায়নের মতো উদ্যোগের কথা আলোচনায় রয়েছে। তবে প্রেডিকশন মার্কেটগুলো এসব সুরক্ষাব্যবস্থার বাইরে থাকছে বলে বিশেষজ্ঞদের উদ্বেগ।
আইজেনবার্গের মতে, এসব প্ল্যাটফর্ম থেকে রাজ্যগুলোর কর রাজস্বও খুব কম আসে। ফলে জুয়াসংক্রান্ত ক্ষতির চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রমে অর্থায়নের সুযোগ সীমিত থাকে।
স্বাস্থ্যসংক্রান্ত বাজিকে জনমতের প্রতিফলন ভাবতে নিষেধ
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, এসব প্ল্যাটফর্মে কোনো স্বাস্থ্যনীতি বা টিকাসংক্রান্ত বিষয়ে বাজির পরিমাণ কিংবা বাজারদরকে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়। কারণ, অল্প অর্থের চুক্তির বাজারদর একজন বিনিয়োগকারীর লেনদেনেই পরিবর্তিত হতে পারে।
অধ্যাপক আইজেনবার্গ বলেন, শিশুদের টিকাদান কর্মসূচি নিয়ে কয়েকশ ডলারের চুক্তি কোনো কিছুর নির্ভরযোগ্য পূর্বাভাস নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্মাণাধীন স্থাপনার বেড়ায় টিকাদানের পক্ষে একটি পোস্টার লাগানো হয়েছিল। পোস্টারটিতে ‘ভ্যাকসিন’ শব্দের পাশাপাশি পলিমার্কেটের লোগো এবং কোনো রাজ্য টিকাসংক্রান্ত বাজি বন্ধ করবে কি না-এমন প্রশ্ন ছিল। তবে এক সপ্তাহের মধ্যে পোস্টারটির বাজিসংক্রান্ত অংশ ছিঁড়ে ফেলা হয়। পরে সেখানে শুধু ‘ভ্যাকসিন’ শব্দটি অবশিষ্ট থাকে।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তকে অর্থ উপার্জনের বাজির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনস্বার্থ রক্ষায় কার্যকর নিয়ন্ত্রণ জরুরি। অন্যথায় গোপন তথ্যের অপব্যবহার, নীতিনির্ধারণে প্রভাব বিস্তার এবং জুয়াসংক্রান্ত সামাজিক ও স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।