ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ সকাল

Link Copied!

রোগীদের উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিন্ন চিকিৎসা নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেছেন, প্রতিটি চিকিৎসাপ্রতিষ্ঠানকে নিজস্ব সক্ষমতা ও বাস্তবতার আলোকে চিকিৎসা প্রোটোকল ও নির্দেশিকা প্রণয়নে উদ্যোগী হতে হবে।

রোববার (১৫ নভেম্বর) বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অব এভিডেন্স-বেজড প্রোটোকল ফর গাইনোকোলজিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, রোগীর যথাযথ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিন্ন চিকিৎসা মানদণ্ড অনুসরণের কোনো বিকল্প নেই। চিকিৎসার গুণগত মান উন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব বাস্তবতা ও সক্ষমতা অনুযায়ী চিকিৎসা প্রোটোকল তৈরি করতে হবে।

কর্মশালায় গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস গবেষণালব্ধ প্রমাণ ও আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকার আলোকে বিএমইউর জন্য রোগীবান্ধব ও বাস্তবসম্মত চিকিৎসা প্রোটোকল তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় স্ত্রীরোগজনিত ক্যান্সারের চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল অস্ত্রোপচারের আগে রোগীর মূল্যায়ন, ডিম্বাশয়ের ক্যান্সারে অস্ত্রোপচার ও কেমোথেরাপির চিকিৎসাক্রম, জরায়ুর আস্তরণের ক্যান্সারে প্রজননক্ষমতা সংরক্ষণ, জরায়ুমুখের ক্যান্সারে অস্ত্রোপচারের পদ্ধতি এবং বহিঃজননাঙ্গের ক্যান্সারে কুঁচকির লসিকাগ্রন্থি মূল্যায়ন।

কর্মশালার রিসোর্স পারসন হিসেবে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক ডা. আন্নেক্যাথরিন গুডম্যান বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক চিকিৎসা প্রোটোকল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সাবেরা খাতুন ও অধ্যাপক ডা. সামিনা চৌধুরীসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞরা।

কর্মশালায় স্ত্রীরোগজনিত ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়নে রোগভিত্তিক ব্যবস্থাপনা দল গঠন, চিকিৎসা প্রোটোকল প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে টিউমার বোর্ড গঠনের প্রস্তাব করা হয়। রোগীর শারীরিক অবস্থা ও ক্যান্সারের ধরন বিবেচনায় নিয়ে এই বোর্ড সমন্বিত চিকিৎসার সুপারিশ প্রদান করবে।

চিকিৎসাসেবার গুণগত মান যাচাই ও উন্নয়নে কয়েকটি সুনির্দিষ্ট সূচক নির্ধারণের প্রস্তাবও উঠে আসে কর্মশালায়। এসব সূচকের মধ্যে রয়েছে চিকিৎসা প্রোটোকল অনুসরণের হার, রোগনির্ণয় থেকে চিকিৎসা শুরু পর্যন্ত সময়, চিকিৎসাজনিত জটিলতা, নির্ধারিত চিকিৎসা সম্পন্ন করার হার এবং চিকিৎসাসেবা সম্পর্কে রোগীদের অভিজ্ঞতা মূল্যায়ন।

Facebook Comments Box

আরও পড়ুন

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

1078 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর