ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

১৭ বছর পর হুমকির মুখে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ওয়াডেন সি

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ বিকাল

Link Copied!

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ওয়াডেন সি (Wadden Sea) এখন পরিবেশগত সংকটের মুখে। সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ ও পরিযায়ী পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত এই অঞ্চলকে ইউনেস্কোর ‘বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকা’য় অন্তর্ভুক্ত করার আশঙ্কা তৈরি হয়েছে। লবণ ও গ্যাস উত্তোলন, মাছ ধরা, পর্যটন, জাহাজ চলাচল এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের সম্মিলিত প্রভাবে এখানকার বাস্তুতন্ত্রের ওপর চাপ বাড়ছে।

জার্মানি, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের উত্তর উপকূলজুড়ে বিস্তৃত ওয়াডেন সি বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন জোয়ার-ভাটার বালুচর ও কাদাচরের ব্যবস্থা। জোয়ারের সময় অঞ্চলটি পানিতে ডুবে থাকে। আবার ভাটার সময় উন্মুক্ত হয়ে পড়ে বালুচর, কাদাচর, লবণাক্ত জলাভূমি ও অসংখ্য ছোট জলপথ। প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই অঞ্চল ২০০৯ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়।

তবে স্বীকৃতি পাওয়ার ১৭ বছর পর অঞ্চলটির সংরক্ষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউনেস্কোর আশঙ্কা, বিভিন্ন মানবসৃষ্ট কর্মকাণ্ডের সম্মিলিত প্রভাব এবং বাস্তুতন্ত্রের ক্রমবর্ধমান চাপ ও পরিবেশগত অবক্ষয় সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ২০২৭ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) সঙ্গে যৌথভাবে ওয়াডেন সি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ইউনেস্কোর। ওই পরিদর্শনে অঞ্চলটির সংরক্ষণ পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

ওয়াডেন সি লাখ লাখ পরিযায়ী পাখির যাত্রাপথে গুরুত্বপূর্ণ বিরতিস্থল। এখানে হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের বাস। পাশাপাশি অঞ্চলটির বিভিন্ন দ্বীপ, উপকূলীয় শহর ও গ্রামে কয়েক লাখ মানুষের বসবাস। ফলে পরিবেশগত সংকটের পাশাপাশি এখানকার মানুষের জীবিকা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সামুদ্রিক জীববিজ্ঞানী ও ডাচ পরিবেশবাদী সংগঠন ওয়াডেনভেরেনিগিংয়ের কর্মী উটার ভ্যান ডার হেইজের মতে, অঞ্চলটির পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাঁর ভাষ্য, পাখির সংখ্যা কমছে, মাছের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং কাদাচরের জীববৈচিত্র্যও ক্রমাগত কমে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ওয়াডেন সি অঞ্চলের জন্য বড় হুমকি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং গ্যাস ও লবণ উত্তোলনের কারণে ভূমি বসে যাওয়া। এতে ভাটার সময়ও কাদাচর পানির নিচে থেকে যেতে পারে। ফলে পরিযায়ী পাখিরা সেখানে নেমে খাবার সংগ্রহের সুযোগ হারাবে। বিশেষ করে পূর্ব আটলান্টিক পরিযায়ী পাখির পথ (ইস্ট আটলান্টিক ফ্লাইওয়ে) এর ফলে হুমকির মুখে পড়তে পারে।

সমুদ্রের তলদেশ থেকে গ্যাস ও লবণ উত্তোলনের কারণে ভূমি বসে যাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। সম্প্রতি নেদারল্যান্ডসের হার্লিঙ্গেনের কাছাকাছি সমুদ্রের নিচে লবণ উত্তোলন সম্প্রসারণের প্রস্তাবের বিরোধিতা করে ইউনেস্কোর হস্তক্ষেপ চেয়েছে ওয়াডেনভেরেনিগিং। এ বিষয়ে ডাচ কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। অন্যদিকে, ইউরোপের জ্বালানি সরবরাহ নিয়ে চাপ থাকা সত্ত্বেও নেদারল্যান্ডস সরকার আমেল্যান্ড দ্বীপ ও উপকূলের মধ্যবর্তী টেরনার্ড গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের অনুমতি দেয়নি। ইউনেস্কো ও পরিবেশকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

শুধু জীবাশ্ম জ্বালানি বা খনিজ উত্তোলন নয়, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও নতুন চাপ তৈরি করছে। উত্তর সাগরে নির্মিত বড় বায়ুবিদ্যুৎকেন্দ্রগুলোকে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করতে ওয়াডেন সি অঞ্চলের কাদাচরের ওপর দিয়ে এবং কিছু দ্বীপের ভেতর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন তার বসানো হচ্ছে। নির্দিষ্ট স্থান ও সময়ে কাজ করার বিধিনিষেধ থাকলেও পরিবেশবাদীদের মতে, এসব প্রকল্পও অঞ্চলটির ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

এ ছাড়া মাছ ধরা, জাহাজ চলাচলের পথ সচল রাখতে জলপথ খনন, পর্যটন এবং সামরিক কর্মকাণ্ডও পরিবেশের ওপর প্রভাব ফেলছে। নেদারল্যান্ডসের ভিলিল্যান্ড দ্বীপে ন্যাটোর বোমা নিক্ষেপের প্রশিক্ষণ এলাকা রয়েছে। পরিবেশকর্মীদের অভিযোগ, কাগজে-কলমে জাতীয় উদ্যান, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য এবং ইউরোপের ন্যাচুরা ২০০০ সংরক্ষণ নেটওয়ার্কের অংশ হলেও ওয়াডেন সিতে তলদেশে জাল টেনে মাছ ধরার মতো কার্যক্রম এখনো অনুমোদিত হচ্ছে। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব ভাগ হয়ে থাকায় পরিবেশবিষয়ক বিধিনিষেধ কার্যকর করাও জটিল হয়ে পড়েছে।

তবে অঞ্চলটির পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ রয়েছে। সংরক্ষণ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ওয়াডেন সি অঞ্চলের বড় অংশ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে—এমন কিছু মানচিত্র চলতি বছরের শুরুতে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ‘উই আর দ্য ওয়াডেন’ নামে একটি প্রচারাভিযান শুরু হয়। দ্বীপগুলোর বিভিন্ন গ্রামে ব্যানার ও পতাকা টানানোর পাশাপাশি এ বিষয়ে ৫০ হাজারের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত আবেদন জমা পড়ে।

ভিলিল্যান্ড দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আন্ত ভ্যান ডার ভিন বলেন, দ্বীপগুলোর অর্থনীতি পর্যটনের ওপর অনেকটাই নির্ভরশীল। পর্যটন বন্ধ হয়ে গেলে স্থানীয় মানুষের জীবিকা ও ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর আশঙ্কা, বড় বড় প্রকল্প চালু রাখার পর পরিবেশের ক্ষতি পুষিয়ে নিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এদিকে নেদারল্যান্ডসের সরকার স্বীকার করেছে, এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ঘাটতি ছিল। ভবিষ্যতে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে স্থানীয়দের আরও বেশি সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াডেন সি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের বসবাস ও কাজ করার সুযোগ ভবিষ্যতেও বজায় রাখতে হবে।

ওয়াডেন সি ব্যবস্থাপনার দায়িত্ব নেদারল্যান্ডস, জার্মানি ও ডেনমার্কের যৌথ হলেও দেশগুলোর বিভিন্ন প্রশাসনিক স্তরে সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ফলে নিয়মকানুন বাস্তবায়ন ও দায়িত্ব নির্ধারণে জটিলতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটির ওপর একের পর এক কার্যক্রমের সম্মিলিত প্রভাব বিবেচনায় নিয়ে কার্যকর সংরক্ষণ পরিকল্পনা জরুরি।

ওয়াডেন সি যদি শেষ পর্যন্ত ইউনেস্কোর বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়, তবে ইউরোপের হাতে গোনা কয়েকটি ঐতিহ্যবাহী স্থানের একটি হিসেবে এটি ওই তালিকায় স্থান পাবে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর পরিবেশ সংরক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠবে। একই সঙ্গে পর্যটননির্ভর দ্বীপগুলোর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ