
সারাদিনের ব্যস্ততা ও পরিশ্রমের পর শরীরের ক্লান্তি দূর করতে ঘুমের বিকল্প নেই। কিন্তু অনেক সময় শরীর ক্লান্ত থাকলেও রাতে সহজে ঘুম আসতে চায় না। বিছানায় এপাশ-ওপাশ করেই কেটে যায় দীর্ঘ সময়। কারও আবার পায়ের গোড়ালি বা পেশিতে ব্যথা কিংবা টান ধরার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। ফলে সকালে ঘুম থেকে উঠেও শরীরে থেকে যায় ক্লান্তি।
এমন সমস্যায় কিছুটা স্বস্তি দিতে পারে সহজ একটি ব্যায়াম, যার নাম ‘কাফ রেইজ’ (Calf Raise)। ঘুমানোর আগে মাত্র এক মিনিট সময় নিয়ে এই ব্যায়ামটি করলে পায়ের পেশির সক্রিয়তা বাড়ে এবং দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকার কারণে পায়ে তৈরি হওয়া অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক ব্যায়ামটি করার নিয়ম ও সম্ভাব্য উপকারিতা।
কীভাবে করবেন কাফ রেইজ?
পায়ের পেছনের নিচের অংশের পেশিকে বলা হয় কাফ মাসল (Calf Muscle)। এই পেশির ব্যায়ামই হলো কাফ রেইজ। এটি করতে বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না। ঘরেই সহজে ব্যায়ামটি করা যায়।
প্রথমে সমতল জায়গায় সোজা হয়ে দাঁড়ান। প্রয়োজনে ভারসাম্য বজায় রাখতে দেয়াল বা শক্ত কোনো আসবাব ধরে রাখুন। এবার পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ধীরে ধীরে গোড়ালি মাটি থেকে ওপরে তুলুন। কয়েক সেকেন্ড পর আবার গোড়ালি নামিয়ে আনুন। এভাবে ১৫ থেকে ২০ বার ব্যায়ামটি করুন। পুরো প্রক্রিয়ায় সময় লাগবে প্রায় এক মিনিট।
কাফ রেইজের সম্ভাব্য উপকারিতা
পায়ের রক্ত চলাচলে সহায়তা করে: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকলে পায়ের নিচের অংশে রক্ত জমে থাকার মতো অনুভূতি হতে পারে। কাফ মাসল সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে পায়ের শিরায় রক্তপ্রবাহে সহায়তা করে। ফলে পায়ের ভারী ভাব ও অস্বস্তি কমতে পারে।
পেশির ক্লান্তি কমাতে সাহায্য করে: নিয়মিত কাফ রেইজ করলে পায়ের নিচের অংশের পেশি সক্রিয় থাকে। বিশেষ করে দীর্ঘক্ষণ বসে কাজ করা ব্যক্তিদের পেশির শক্তি ও সহনশীলতা বাড়াতে এটি সহায়ক হতে পারে।
শরীরকে শিথিল করতে পারে: ঘুমানোর আগে হালকা ব্যায়াম ও পেশির নড়াচড়া শরীরকে আরাম দিতে পারে। ফলে দিনের কাজের পর শরীরের অস্বস্তি কিছুটা কমে এবং ঘুমের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক: পায়ের পেশির নড়াচড়া গ্লুকোজ ব্যবহারে ভূমিকা রাখতে পারে। তবে শুধু ঘুমানোর আগে এক মিনিট কাফ রেইজ করলেই রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে, এমন নিশ্চয়তা নেই।
ঘুমের আগে আরামদায়ক অভ্যাস: নিয়মিত একই সময়ে হালকা ব্যায়াম করার অভ্যাস ঘুমের প্রস্তুতির অংশ হতে পারে। তবে কাফ রেইজ সরাসরি অনিদ্রা দূর করে বা গভীর ঘুম নিশ্চিত করে-এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তাই রাতে ঘুমানোর আগে পায়ের ক্লান্তি ও অস্বস্তি কমাতে কাফ রেইজ একটি সহজ ব্যায়াম হিসেবে অভ্যাস করতে পারেন। তবে দীর্ঘদিন অনিদ্রা, পায়ের ব্যথা বা গোড়ালিতে অস্বস্তি থাকলে শুধু এই ব্যায়ামের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।