ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১১:১২ সকাল

Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশ যেন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে। গত ৯ মাসে এই অংশে ৭০টি সড়ক দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। অথচ মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত ওজন পরিমাপের জন্য নেই কোনো সচল ওয়েট স্কেল। প্রয়োজনীয় রোড সাইনের ঘাটতি, বেপরোয়া ওভারটেকিং এবং নির্মাণকাজের কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে এ সড়ক দিয়ে। অনেক চালক ট্রাফিক নিয়ম না মেনে যত্রতত্র ওভারটেক করছেন। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় রোড সাইন না থাকায় চালকেরা সামনে থাকা ঝুঁকিপূর্ণ বাঁক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ওভারটেকিং নিষিদ্ধ এলাকা সম্পর্কে আগাম সতর্ক হতে পারছেন না।

মহাসড়কে চলাচলকারী বাসচালক ফরিদ উদ্দিন জানান, অনেক স্থানে রোড সাইন নেই। ফলে সামনে বাজার, স্কুল-কলেজ কিংবা ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে কি না, তা আগে থেকে বোঝা যায় না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা ও জেব্রা ক্রসিং সম্পর্কেও পর্যাপ্ত সংকেত নেই। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসন পুলিশের প্রধান লক্ষ্য। এ জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে পুলিশের কোনো সচল ওয়েট স্কেল নেই। তবে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। অতিরিক্ত পণ্য বোঝাইয়ের বিষয়টি ধরা পড়লে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক ফারুক আলম বলেন, সড়কে রোড সাইন স্থাপনের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। অন্যদিকে, জনগণকে সচেতন করতে বিআরটিএ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করা যায় না, নাগরিকদের অসচেতনতাও এর অন্যতম কারণ।

তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া কারও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হয় না।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী মহাসড়কে রোড সাইনের ঘাটতির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় কিছু অংশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরা হয়েছে। দ্রুত কাজ শেষ করে ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কার ও রোড সাইন স্থাপনের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

ওয়েট স্কেল স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণকাজ এখনো শেষ হয়নি। যেসব স্থানে ওয়েট স্কেল স্থাপনের কথা রয়েছে, সেসব স্থানের কাজ সম্পন্ন না হওয়ায় তা স্থাপন করা সম্ভব হয়নি।

সড়ক বিভাগের তথ্যানুযায়ী, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার অন্তত ২৫ হাজার দূরপাল্লার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার, প্রয়োজনীয় রোড সাইন স্থাপন এবং যানবাহনের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ