
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে রাজধানী ঢাকা। রোববার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অর্থাৎ ঢাকার বাতাস এখন নগরবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ২৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।
অন্যদিকে ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক দূষণের মাত্রা ও অবস্থান তুলে ধরে।