যুক্তরাজ্য জানিয়েছে, তারা আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের জন্য স্টাডি ভিসা বন্ধ করবে। এছাড়া আফগানদের জন্য কাজের ভিসা দেওয়াও সীমিত করা হবে। দেশটির স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ভিসা ব্যবস্থার অপব্যবহার বেড়ে যাওয়ায় এই ‘জরুরি নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তর জানায়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। স্বরাষ্ট্র বিভাগের পররাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “যুদ্ধ ও নিপীড়নের শিকার মানুষকে ব্রিটেন সবসময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের উদারতাকে অপব্যবহার করা ঠিক নয়। এজন্যই আমি ভিসা প্রত্যাখ্যানের অভূতপূর্ব সিদ্ধান্ত নিচ্ছি।”
যুক্তরাজ্যে অভিবাসন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কট্টর-ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি অভিবাসন-বিরোধী অবস্থান নিয়ে জনমত জরিপে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার আশ্রয় প্রক্রিয়া কঠোর করেছে এবং অবৈধভাবে আগতদের নির্বাসন ত্বরান্বিত করছে।
প্রেস অ্যাসোসিয়েশন জানায়, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ একই দিনে কঠোর আশ্রয় প্রক্রিয়া উপস্থাপন করবেন।
সূত্র: আল জাজিরা


