
চট্টগ্রামের মিরসরাইয়ে সবজি বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যাওয়ায় মোহাম্মদ শফিউল (৪০) নামে এক সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় চালক লোকমান হাসেম (৩৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা এবং আহত চালক লোকমান পিরোজপুরের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ জানায়, ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে চট্টগ্রামের পথে যাচ্ছিলেন শফিউল। ভোরে নিজামপুরের ইউটান এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিউল প্রাণ হারান।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, পিকআপটি বেপরোয়া গতি বা চালকের ঘুমে ঢুলুনির কারণে দুর্ঘটনার শিকার হতে পারে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহত চালক লোকমান বর্তমানে চমেকে চিকিৎসাধীন।
এর আগেও শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামে এক ব্যক্তি নিহত হন।