
রাজধানীর উত্তরায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে ঘটনার পর গুরুতর আহত মান্নানকে পথচারীরা উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কামারপাড়া এলাকায় পথচারী মান্নানকে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকজনকে আহত করে। পরে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকের পর ভাঙচুর করে।
এসময় গাড়িটির চালক আশ্রয় নিতে একটি বাড়িতে ঢুকলে সেখানে ঢুকে তাকে পিটুনি দেয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে।’
ওসি আরও জানান, ‘চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। দুপুরে বাবা বাসায় খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হন। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’