
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দিয়ে সড়কের পাশে থাকা দোকানের সামনে থাকা পিলারে আটকে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোতালেব হোসেন মারা যান।
প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, আমার দোকানের সামনেই এই ঘটনা ঘটেছে। সকালে দোকান খুলছি এসময় হঠাৎ দেখি বাসটা বাম থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। ফলে ডান দিক থেকে আসা অটো গাড়ির নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক মারা যায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও বাস জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে।