
চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৭ দশমিক ৯০ শতাংশ।
এছাড়া তিনি আরও জানান, শুধু ১৮-২০ সেপ্টেম্বর তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর আগে গত আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।