
খুলনার ডুমুরিয়ায় দৌলতপুর-চুকনগর সড়কের শাহপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় আল আমিন (১২) নামে এক মাদরাসা শিক্ষাথী নিহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে।
আল আমিন শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী একটি ট্রাক চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই সে নিহত হয়।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।