
মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফজলুর রহমান পিটিআই পাড়া এলাকার মৃত তরিকুর রহমানের সন্তান।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সাইফুল খান জানান, একতা কাঁচা বাজারে মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ফজলুর রহমানকে ধাক্কা দেয়। এরপর চালক বাসসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দিয়ে ফজলুর রহমানকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাজনিত বাসটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনার জন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।