
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে স্যালোইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় পঞ্চাশোর্ধ্ব এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই নারী গোপালপুর বাজার ও মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় ঘোরাফেরা করতেন। গেল কয়েকদিন ধরে তিনি গোপালপুর বাজারে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাকে খাবার দিয়ে সহযোগিতা করতেন।
ঘটনার সময় তিনি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় গরুবোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে চালক নছিমনটি ফেলে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, নিহত নারীর মরদেহ ও নছিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।