
গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৩টায় তারা বিশকেক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ব্র্যাক মাইগ্রেশনের যৌথ সমন্বয়ে এই বাংলাদেশিদের দেশে ফেরানো হয়। বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশনের সহকর্মীরা তাদের জরুরি সহায়তা প্রদান করে। পরবর্তীতে ফেরত আসা মানুষদের কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফেরত আসা প্রবাসীরা জানান, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কিরগিজস্তানে নেওয়া হলেও সেখানে গিয়ে কেউ কাজ পাননি, আবার অনেকে বেতন না পেয়ে নথিপত্রহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করেন। অনেকে নির্যাতনের শিকার হন এবং অনেক পরিবার মুক্তিপণ দিতেও বাধ্য হয়।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার জানায়, গত আট বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ-ফেরত প্রবাসীদের জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। এ সময়ে সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ ডেস্ক ও এপিবিএনের সহযোগিতায় প্রায় ৩৫ হাজার মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। শুধু ২০২৪ সালেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ৪০ জন প্রবাসীকে উদ্ধার করা হয়েছে।
বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন সাইকোসোসাল কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করে আসছে।
ব্র্যাক মাইগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশে বিপদে পড়া প্রবাসী বা তাদের পরিবার চাইলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আন্তর্জাতিক ও সরকারি সংস্থার সমন্বয়ে ব্র্যাক প্রয়োজনীয় সহায়তা ও পুনরেকত্রীকরণের কাজ করবে।