
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফ্রান্স শাখা। এরই মধ্যে তারা নিবন্ধন কার্যক্রমের জন্য একটি ছায়া রোডম্যাপও প্রকাশ করেছে।
রোববার (১৭ আগস্ট) প্যারিসের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান। এসময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। এতে স্বাক্ষর করেন ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
এনসিপি ফ্রান্স শাখার প্রস্তাবনা ও দাবি
১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু করতে হবে।
নিবন্ধনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করার সময় সার্ভার যাতে বন্ধ না হয়, সে সক্ষমতা নিশ্চিত করতে হবে।
ভুয়া নিবন্ধন ঠেকাতে ই-কে-ওয়াইসি, ফেশিয়াল রিকগনিশন ও বিদেশি ফোন নম্বর ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
পোস্টাল ব্যালটের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ভোটারের জন্য তিনটি খাম (ব্যালট খাম, গোপন খাম ও ফেরত খাম) প্রদানের প্রস্তাব করা হয়।
ভোটের ৪০ দিন আগে প্রতীক ও প্রার্থী তালিকা অনলাইনে প্রকাশ করার দাবি জানানো হয়।
ষড়যন্ত্রের অভিযোগ ও আন্দোলনের হুমকি
নিবন্ধনজনিত জটিলতার কারণে প্রবাসীদের ভোট বাতিল করার ষড়যন্ত্র করা হলে ‘রেমিট্যান্স শাটডাউন আন্দোলন’-এর মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তারা বলেন, স্বৈরাচার পতনে রেমিট্যান্স আন্দোলনের যে ভূমিকা ছিল, প্রবাসী ভোটাধিকার আদায়েও তা কার্যকর হবে।
নির্বাচন কমিশনের সমালোচনা
নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অবস্থান এখনো স্পষ্ট নয়। অনলাইন নিবন্ধনের জন্য প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনের বাজেট অনুমোদনের অপেক্ষায়। কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসীদের মাত্র ২১ দিন সময় দেওয়া হবে নিবন্ধনের জন্য, যা বিশ্বব্যাপী দেড় কোটি প্রবাসীর ক্ষেত্রে কার্যত অসম্ভব।
তারা আরও জানান, এখনো স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়নি—
নিবন্ধনে কী কী কাগজপত্র লাগবে,
কোন দেশে কবে শুরু ও শেষ হবে,
কতগুলো দেশে কার্যক্রম চলছে বা শুরু হবে।
এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন যদি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট আয়োজনের পরিকল্পনা করে, তবে তার ৬০ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু তার আগেই নিবন্ধন সম্পন্ন করা যে প্রায় অসম্ভব, তা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী। উপস্থিত ছিলেন এনসিপির ইউরোপ প্রতিনিধি ওমর ঢালি, এনসিপি জার্মানির আহ্বায়ক শাখাওয়াত হোসাইন তুরাগ, যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ, সদস্য সচিব শাহ পরান শাকিল, মুখ্য সংগঠক মাশরুক উদ্দিন, মিডিয়া ও প্রচার সমন্বয়কারী রাব্বি রাজ, আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব প্রমুখ।