
গেল ১২ আগস্ট রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্দ্রোভা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। বিষয়টি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ৫ জুলাই স্বামী টেভর ওবলাস্টের সঙ্গে গাড়িতে বাড়ি ফিরছিলেন সেনিয়া। এ সময় মাঝপথে একটি হরিণ হঠাৎ গাড়ির সামনে চলে আসে। হরিণের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মারাত্মকভাবে আহত হন সেনিয়া ও তার স্বামী।
তৎক্ষণাৎ দুজনকে হাসপাতালে ভর্তি করা হলেও সেনিয়ার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ১২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিশ্বসুন্দরী।
সেনিয়ার স্বামী গণমাধ্যমকে জানান, “এক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে গিয়েছিল। হরিণটি হঠাৎ গাড়ির সামনে চলে আসে, আমি কিছুই করতে পারিনি। সেনিয়ার মাথায় ভয়াবহ আঘাত লাগে। চারপাশ রক্তে ভেসে যাচ্ছিল।”
উল্লেখ্য, ২০১৭ সালে সেনিয়া অ্যালেক্সান্দ্রোভা বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছিলেন। সেই বছরই রাতারাতি পরিচিতি পান তিনি। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুরাগী ও সৌন্দর্য জগতের অঙ্গনে।