
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই ভিক্ষুক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।