
কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী নারী ও তার দুই বছরের কন্যাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের ৩ যাত্রী।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন মাহিনুর। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। খাদে পানি থাকায় গাড়িটি ডুবে যায় এবং এতে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে। গাড়িটি উদ্ধার এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”