
রাজশাহীর বাঘায় সকালে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোছা. বানেরা বেগম ওরফে বানু (৫৫)। তিনি মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামের প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী। বিষয়টি বাঘা থানার এসআই সিফাত রেজা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে হাঁটার সময় একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এসআই সিফাত রেজা জানান, দুর্ঘটনার সময় সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় চালক পালিয়ে যায়। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।