
রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেল ক্রসিংয়ের সামনে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (১৩ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর এবং এখনো তার পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে তিনি বলেন, ওই নারী বনানী সৈনিক ক্লাবের রেল ক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।
তিনি আরও জানান, নিহত নারীর পরনে ছিল লাল রঙের শাড়ি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।