
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিজ উদ্দিন পেট্রোল পাম্পের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর চিটাগংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “বাসটি গতি হারিয়ে সার্ভিস লেনের সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে উল্টে যায়। আমরা দ্রুত বাসটি সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলে যানজট ছিল, এখন তা সমাধান হয়েছে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।”
পথচারীরা আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।