
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার বরুয়াকোনা গারামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গফুর মিয়া রংছাতী ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফুর মিয়া নিজেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ গফুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।